বিদ্যুতের অপচয় রোধের তাগিদ দিয়েছে বিজ্ঞান জাদুঘর
দেশে ‘বিদ্যুতের অপচয় রোধে বিজ্ঞান ও প্রযুক্তি’ নিয়ে মঙ্গলবার রাজধানীর আগারগাওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার সিনিয়র কিউরেটর সুকল্যান বাছাড়। এছাড়া আরও বক্তব্য রাখেন ডিপিডিসি’র ম্যানেজার ট্রেনিং ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মহিবুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ সেক্টরে অপচয় ও চুরিরোধের আহ্বান জানান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। এক্ষেত্রে তিনি প্রযুক্তির সঙ্গে সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন।
মুনীর চৌধুরী বলেন, “৪র্থ শিল্প বিপ্লবের যুগে শুধু রোবট দিয়ে একটি সমাজ চলতে পারে না। রোবটের পশ্চাতে মানুষই মূল নিয়ামক শক্তি। সুতরাং সে মানুষ সৎ, শুদ্ধ ও নীতিবান হলে সব ক্ষেত্রে সফলতা আসবে।”
মহাপরিচালক আরো বলেন, “ অতীতে বিদ্যুতের অভাব বা ঘাটতির মধ্যে মানুষ কষ্টকর জীবন যাপনে অভ্যস্ত ছিলো। কিন্তু এখন বিদ্যুতের প্রাচুর্যে অনেকে অপচয় করছে, যা অত্যন্ত গর্হিত। এমনকি শিক্ষিত নাগরিকদের কেউ কেউ প্রযুক্তির অপব্যবহার করে বিদ্যুৎ চুরি করছে, রাজস্ব ফাকি দিচ্ছে, এসব অপরাধ রোধে বিদ্যুৎ কর্মীদের কঠোর মনিটরিং থাকতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ডিপিডিসি’র বেতন ভাতা ও সুযোগ সুবিধা অনেক বেশি, এরপরও কেউ দুর্নীতিতে জড়ালে তার কঠোর শাস্তি হওয়া উচিৎ। দুর্নীতি লব্ধ অর্থ বা সম্পদ কেউ ভোগ করে যেতে পারেনা। বিলাসবহুল অট্টালিকা ও ধনসম্পদ ফেলে জীবন সায়াহ্নে অপরাধের বোঝা নিয়ে মহান স্রষ্টার কাছে উপস্থিত হতে হয়। এটিই পরকালীন বিচার ও শাস্তি বিশ্বাস করতে হবে।
সেমিনার শেষে বিজ্ঞান জাদুঘর ঘুরে দেখেন ডিপিডিসি’র প্রশিক্ষণার্থীরা।







